বনগাঁর পঞ্চায়েত অফিসে বাংলাদেশি নাগরিকের চাকরির অভিযোগ, উত্তাল রাজনৈতিক মহল

বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের একটি সরকারি অফিসে এক বাংলাদেশি নাগরিকের ভুয়ো পরিচয়ে চাকরি করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ তুলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিজেপির দাবি, সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ভেক্টর কন্ট্রোল টিমের কর্মী সাহিদ মণ্ডল আসলে বাংলাদেশের নাগরিক। তিনি বনগাঁর বাসিন্দা তার শ্বশুর ওহিদুল মণ্ডলকে নিজের বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড তৈরি করেছেন এবং সেই ভুয়ো পরিচয় ব্যবহার করে সরকারি চাকরি পেয়েছেন। এই অভিযোগ তুলে বিজেপি বনগাঁর বিডিও-র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত সাহিদ মণ্ডল। তিনি দাবি করেছেন, তার পরিবার পাটশিমুলিয়া গ্রামেরই বাসিন্দা এবং তিনি বিবাহিত নন। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হচ্ছে।
অন্যদিকে, তৃণমূল শিবির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এটি বিজেপির রাজনৈতিক চক্রান্ত, যার কোনো সত্যতা নেই।
এই অভিযোগকে কেন্দ্র করে বনগাঁর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন সবার দৃষ্টি বিডিও অফিসের দিকে। তারা এই অভিযোগের ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।