মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়তে চলেছে ভারত, ৭৫ টনের উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি ইসরোর

মহাকাশ বিজ্ঞানে ভারত বারবার নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে এবং এখন বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে। এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) এক নতুন ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে। তারা একটি বিশাল আকারের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর উদ্যোগ শুরু করেছে।

ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন নিজেই এই ঐতিহাসিক মিশনের কথা জানিয়েছেন। তিনি জানান, ইসরো একটি ৭৫ টন (৭৫,০০০ কেজি) ওজনের কৃত্রিম উপগ্রহ তৈরি করছে, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।

এই বিশাল আকারের উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে একটি ৪০ তলা বাড়ির সমান বিশাল রকেট। এই রকেটের মাধ্যমে ৭৫ টন ওজনের পেলোড উৎক্ষেপণের ক্ষমতা অর্জন করা ইসরোর জন্য এক বিশাল সাফল্য। এই অগ্রগতি বোঝার জন্য চেয়ারম্যান ভি. নারায়ণন পুরোনো দিনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, ভারতের প্রথম রকেটটির ওজন ছিল মাত্র ১৭ টন, এবং সেটি মাত্র ৩৫ কেজি ওজনের একটি পেলোড বহন করতে পারতো। সেই তুলনায় ৪০ তলা সমান রকেটে ৭৫ টনের পেলোড পাঠানোর ক্ষমতা অর্জন করা নিঃসন্দেহে এক বিশাল সাফল্য।

এই নতুন মিশন সফল হলে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান পোক্ত করবে। ভারতের মহাকাশ বিজ্ঞানের এই অগ্রগতি ভবিষ্যতে আরও বড় ধরনের আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণের পথ খুলে দেবে।