উলুবেড়িয়ায় বিপজ্জনক বাড়ি ভেঙে চাপা পড়ে যুবক, কেন ব্যবস্থা নেয়নি পুরসভা? উঠছে প্রশ্ন

উলুবেড়িয়ার কালীবাড়ির কাছে একটি পুরানো বাড়ির একাংশ হঠাৎ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন এক যুবক। মঙ্গলবার বিকেলে ঘটা এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে বিপজ্জনক হিসেবে চিহ্নিত এই বাড়িটি কেন আগে ভেঙে ফেলা হয়নি।
জানা গেছে, বাড়িটি বহু বছর ধরেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল এবং পৌরসভা থেকে আগেই এটিকে বিপজ্জনক ঘোষণা করে নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু নোটিশের পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। মঙ্গলবার বিকেলে হঠাৎই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে বাড়ির ভেতরে থাকা ওই যুবক চাপা পড়ে যান।
দ্রুততার সঙ্গে পুলিশ এবং স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং যুবককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার চিকিৎসা চলছে।
এই ঘটনায় পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কেন নোটিশ দেওয়ার পরেও পৌরসভা কোনো পদক্ষেপ নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান ইমানুর রহমান জানান, বাড়িটি নিয়ে ভাড়াটে সংক্রান্ত কিছু জটিলতা ছিল। তিনি বলেন, আজই বাড়িটি ভেঙে দেওয়া হবে এবং কী কারণে এটি হঠাৎ ভেঙে পড়ল, তারও তদন্ত শুরু করা হয়েছে। এই বাড়ির বাসিন্দা আর কারা ছিলেন, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।