কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ, রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলেজে ভর্তি প্রক্রিয়া ও যৌথ প্রবেশিকা পরীক্ষার (জয়েন্ট এন্ট্রান্স) ফল প্রকাশে বিলম্ব নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের অবহেলা এবং রাজনৈতিক স্বার্থের কারণে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে।

শুভেন্দু অধিকারী বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর তিন মাস কেটে গেলেও এখনও সরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। অন্যদিকে, এখনও পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত না হওয়ায় রাজ্যের হাজার হাজার শিক্ষার্থী অন্যান্য রাজ্যের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে, যেখানে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের জন্য ‘তোষণের রাজনীতি’ করছেন এবং রাজ্যের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে, সরকারি কলেজ-ইউনিভার্সিটি বন্ধ হবে, ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল, সত্যম রায়চৌধুরী, হর্ষ নেওটিয়াদের প্রাইভেট এডুকেশন ফুলেফেঁপে বাড়বে।”

তিনি আরও বলেন, “গত তিন মাস ধরে টেকনো ইন্ডিয়া, ভবানিপুর ইউনিভার্সিটিসহ সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া চালু আছে। অন্যদিকে সরকারি কলেজে ভর্তি বন্ধ রেখে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কমপক্ষে এক হাজার কোটি টাকা ব্যবসা করার সুযোগ করে দিলেন।”

এই সংকট সমাধানে রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে শুভেন্দু অধিকারী গতকালই কয়েকজন বিধায়ককে নিয়ে রাজভবনে গিয়েছিলেন। তিনি বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশার কারণে রাজ্যের শিক্ষার্থীরা চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছে।