মাছের গাড়ি উল্টে কাতরাচ্ছে চালক, সাহায্য না করে দু’হাতে দুটো কাতলা নিয়ে দৌড় BJP নেতার!

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা, বিজেপি নেতা বামদেব গুছাইতকে নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে দু’হাতে দুটি কাতলা মাছ নিয়ে বৃষ্টিতে দৌড়তে দেখা যাচ্ছে। এই ভিডিওটি সামনে এনে তৃণমূল কংগ্রেস তাকে তীব্র কটাক্ষ করেছে।
শহিদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুমিত সামন্ত গতকাল ভিডিওটি শেয়ার করে অভিযোগ করেন যে, প্রায় চার বছর আগে কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়কে মাছভর্তি একটি গাড়ি উল্টে যাওয়ার পর চালক ও খালাসি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কিন্তু তাদের উদ্ধার না করে বামদেব গুছাইত মাছ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। সুমিত সামন্ত বলেন, “একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে এতটা অমানবিক হতে পারেন? এটা বিজেপির চরিত্র।”
বামদেব গুছাইত মাছ কুড়োনোর কথা অস্বীকার করেননি, তবে তার দাবি সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, তৃণমূল রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে পেরে উঠছে না, তাই তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চার বছরের পুরনো ভিডিও ব্যবহার করছে। তিনি জানান, যখন ঘটনাটি ঘটেছিল, তখন তিনি জনপ্রতিনিধি ছিলেন না এবং একটি রাজনৈতিক সভায় যাচ্ছিলেন। তিনি দেখেন, দুর্ঘটনার পর সবাই মাছ কুড়োচ্ছে, কিন্তু কেউ গাড়ি সরাচ্ছে না।
বামদেব গুছাইত বলেন, তিনি স্থানীয়দের নিয়ে গাড়িটি রাস্তা থেকে সরিয়ে রাখেন এবং এরপর গাড়ির চালকের পরামর্শে দুটি মাছ কুড়িয়েছিলেন। বৃষ্টি হচ্ছিল বলেই তিনি দৌড়েছিলেন। তিনি বলেন, “আমি এত নিঃস্ব হয়ে যাইনি যে আমাকে চুরি করে জীবনযাপন করতে হবে।” তিনি তৃণমূলকে ‘চিহ্নিত চোর’ বলে আক্রমণ করে বলেন, গত পঞ্চায়েত নির্বাচনেও এই ভিডিও দেখিয়ে প্রচার করা হয়েছিল, কিন্তু তৃণমূল হেরেছে এবং তিনি জিতেছেন। এই ঘটনায় তিনি খুশি, কারণ তার প্রচার হয়ে যাচ্ছে।