OMG! মাঝ রাস্তায় ছড়িয়ে পড়েছে মাছ, দু’হাতে তুলে দৌড় দিলেন বিজেপি নেতা, দেখুন ভিডিও

পূর্ব মেদিনীপুরে একটি মাছ লুটের পুরোনো ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। শাসকদল তৃণমূলের বেশ কিছু ফেসবুক পেজ ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সড়ক দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে থাকা মাছ কিছু মানুষ লুট করছে।
তৃণমূল নেতৃত্বের দাবি, কয়েক বছর আগে মেচেদার শান্তিপুর এলাকায় একটি মাছ বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। সেই দুর্ঘটনায় চালক ও তার সহকারী গুরুতর আহত হন। ভিডিওতে দেখা যাচ্ছে, আহতদের সাহায্য না করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত (বিজেপি) দৌড়ে গিয়ে দুই হাতে মাছ তুলে নিচ্ছেন। তৃণমূল নেতারা এই ঘটনাকে বিজেপির “অমানবিক আচরণ” হিসেবে তুলে ধরেছেন।
শহীদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল যুব সভাপতি সুমিত সামন্ত বলেন, “এই ভিডিও বিজেপির আসল চরিত্রকে প্রকাশ করে দিয়েছে। এরা সমাজসেবার মুখোশ পরে আসলে গুন্ডাগিরি করে।” তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়ও এই ভিডিওকে বিজেপির দুর্নীতির বড় বড় বুলি আওড়ানোর বিরুদ্ধে একটি প্রমাণ হিসেবে তুলে ধরেন।
তবে এই অভিযোগের উত্তরে বামদেব গুছাইত বলেন, “আমি মাছ নিয়েছিলাম, এটা সত্যি। কিন্তু দুর্ঘটনার পর আমি প্রথমে গাড়ি এবং চালককে সুরক্ষিত করি এবং চালকের অনুমতি নিয়েই মাত্র দুটো মাছ নিয়েছিলাম। এখন আমার সম্মান নষ্ট করার জন্য চার বছর আগের একটি ভিডিওকে নতুন করে প্রচার করা হচ্ছে।”
ভিডিওটি পুরোনো হলেও, এটি এখন স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থানে অনড় রয়েছে।