ফের বারুইপুরে আতঙ্ক! ছুরির আঘাতে মৃ*ত্যু যুবকের, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর, চড়াও স্থানীয়রা

সোনারপুরের যুবক শুভঙ্কর মণ্ডলের ছুরিকাহত হয়ে খুনের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুরের মদারাট পঞ্চায়েতের টগরবেড়িয়া গ্রাম। খুনের ঘটনায় মূল অভিযুক্ত জগবন্ধু মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করলেও, বাকি দুই অভিযুক্ত অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল ওরফে ভুতো এখনও পলাতক। এই পরিস্থিতিতে নিহত যুবকের পাড়ার লোকজন অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রামের অভ্যন্তরে ভাঙচুর ও আতঙ্ক
স্থানীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় প্রায় ২০-২২ জনের একটি দল বাইকে করে টগরবেড়িয়া গ্রামে এসে রাকেশ ও অরূপের বাড়িতে হামলা চালায়। তাদের বিরুদ্ধে নির্বিচারে বাড়ি ভাঙচুর, ঘরের টিভি, জানালা, দরজা, চেয়ার, টেবিল এবং আলমারি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এমনকি ঘরের চালের বস্তা ছিঁড়ে ফেলে দেওয়া হয়। এই হামলার সময় গ্রামের কেউ ভয়ে প্রতিরোধ করতে আসেনি। অভিযোগ, হামলাকারীরা টগরবেড়িয়ার এক যুবককে তুলে নিয়ে গেছে। এই ঘটনার পর থেকে গ্রামের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে মহিলারা ছেলে-মেয়েদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন এবং অবিলম্বে এলাকায় পুলিশি টহল ও ক্যাম্পের দাবি জানিয়েছেন।
পুলিশি তদন্ত ও নিরাপত্তা
খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে। তবে ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন পরিস্থিতিতে পুলিশি সহায়তা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।