SIR নিয়ে বলতে গিয়ে প্রকশ্যে দুই চোখ উপড়ে নেওয়ার হুমকি তৃণমূল নেতার, উঠল বিতর্কের ঝড়

বাংলাদেশি সন্দেহে যারা রাজ্যের মানুষের উপর নজরদারি চালাবে, তাদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী। সম্প্রতি এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

মালদহের সুজাপুর বিধানসভার জালালপুরে এক পরিযায়ী শ্রমিকের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবদুর রহিম বক্সী বলেন, “যাদের চোখ এই রাজ্যে বাংলাদেশি আছে কি না তা দেখবে, তাদের সেই চোখ দুটো আমরা উপড়ে নেব। কপালের নিচে চোখ রাখব না।” মঞ্চ থেকে এই বিতর্কিত মন্তব্য করার পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি নিজের অবস্থানে অনড় থাকেন।

মাত্র দুদিন আগেই তিনি বিজেপি নেতাদের ‘পদাঘাত করে বাংলাদেশে পুশব্যাকের’ হুমকি দিয়ে সমালোচিত হয়েছিলেন। এবার তার এই মন্তব্যে বিরোধীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মালদহ বিজেপি জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “আগে কম কথা বলতেন, লোকে তাও ঠিকঠাক ভাবতেন। এখন যা বলছেন, তাতে হাসির খোরাক হচ্ছেন।” তিনি আরও বলেন, বামফ্রন্ট আমলে এই নেতা চুপচাপ থাকতেন, এখন যা মুখে আসে তাই বলছেন।

সাম্প্রতিক সময়ে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের ‘বাংলাদেশি’ সন্দেহে হেনস্থা ও পুশব্যাকের অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশ তৎপরতার সঙ্গে তাদের ফিরিয়ে এনেছে। এই পরিস্থিতিতে তৃণমূল নেতার এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সমালোচকরা বলছেন, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে।