ওড়িশায় আবার গণধর্ষণের শিকার এক নাবালিকা, গ্রেপ্তার ৩

বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় আবারও এক গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। এবার সম্বলপুর জেলার জুজুমুরা থানায় পাঁচজনের বিরুদ্ধে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে, তবে বাকি দুজন এখনও পলাতক।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নাবালিকাটি কোনো কাজের জন্য একা বাড়ি থেকে বেরিয়েছিল। সেই সময় পাঁচজন অভিযুক্ত তাকে টেনে একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। ঘটনার পর নাবালিকার পরিবার জুজুমুরা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে এবং রাতেই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশি জেরায় তারা গণধর্ষণের কথা স্বীকার করেছে। পলাতক বাকি দুজনের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে।
গত কয়েক সপ্তাহে ওড়িশায় একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যা নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্য তৈরি হয়েছে। গত সপ্তাহে ধেনকানাল জেলার একটি আশ্রমে এক পুরোহিতের বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও, সাম্প্রতিক সময়ে একাধিক নাবালিকা এবং তরুণীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। গত ১১ই আগস্ট বারগড় জেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। এর আগে পুরী, বালেশ্বর এবং কেন্দ্রপাড়ার মতো জেলাতেও এই ধরনের ঘটনা ঘটেছে।
ওড়িশার এই ঘটনাগুলো রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।