স্বাধীনতা দিবসের ভিন্ন ইতিহাস, ১৮ই আগস্টেই স্বাধীনতা উদযাপন বালুরঘাটে

১৫ই আগস্ট নয়, সোমবার ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করলো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। বালুরঘাট পুরসভা এবং বিজেপির পক্ষ থেকে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। এই প্রথমবার বালুরঘাট পুরসভা এই দিনটি পালন করল, যা এতদিন পর্যন্ত মূলত বিজেপির কর্মসূচিতে সীমাবদ্ধ ছিল।

বালুরঘাট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, “১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও আমাদের বালুরঘাট এবং অবিভক্ত দিনাজপুরের কিছু অংশ তখনও পরাধীন ছিল। বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজরঞ্জন চট্টোপাধ্যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় তিন দিন পর ১৮ই আগস্ট এই অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত হয়।”

অন্যদিকে, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নেতৃত্বে বিজেপিও এই দিনটি পালন করে। তিনি বলেন, “স্যার সিরিল র‍্যাডক্লিফ তার মানচিত্রে ভুলবশত বালুরঘাটকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছিলেন। সেই সময় বালুরঘাটের মহকুমাশাসক ১৫ই আগস্ট পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলনের ফলে ১৮ই আগস্ট বালুরঘাট ভারতের মানচিত্রে স্থান পায়।”

এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বালুরঘাট পুরসভা সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এবং সন্ধ্যায় ৭৯টি প্রদীপ প্রজ্জ্বলন করার কথা রয়েছে। বালুরঘাটবাসীর জন্য এটি একটি বিশেষ দিন, কারণ তাদের স্বাধীনতা দিবস পালনের ইতিহাস দেশের অন্যান্য অঞ্চলের থেকে কিছুটা আলাদা। দীর্ঘকাল ধরে এই দিনটিকে স্থানীয়ভাবে স্মরণ করা হলেও, এবার সরকারি ও রাজনৈতিকভাবে ব্যাপক আয়োজন হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।