ভারতের মহাকাশ অভিযান নিয়ে সংসদে বিতর্কের সময় হট্টগোল, বিরোধীদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ রাজনাথ সিং

ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) ঐতিহাসিক মহাকাশ অভিযান নিয়ে লোকসভায় আলোচনার সময় বিরোধীদের হট্টগোলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, জাতীয় গর্বের এই বিষয়টিকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত ছিল।
সোমবার সকালে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ঘোষণা করেছিলেন যে, শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা নিয়ে সংসদে বিশেষ আলোচনা হবে। তিনি বিরোধীদের সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু অভিযোগ উঠেছে যে, আলোচনার সময় বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে, যার ফলে অধিবেশন মুলতুবি হয়ে যায়।
এই ঘটনায় রাজনাথ সিং তার ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) লিখেছেন, “আজ লোকসভায় ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা নিয়ে আলোচনার সময় বিরোধীরা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করল, তা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টি জাতীয় গর্বের সঙ্গে জড়িত এবং ২১ শতকের বৈজ্ঞানিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতীক। বিরোধীরা এতে অংশ না নিয়ে বরং কার্যক্রম ব্যাহত করল।”
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও বিরোধীদের উদ্দেশে বলেন, “সরকার বা বিজেপির সঙ্গে আপনাদের মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এই আলোচনার বিষয় একজন মহাকাশচারী এবং বায়ুসেনা আধিকারিক, যিনি দেশকে গর্বিত করেছেন। অন্তত আমাদের বিজ্ঞানী ও মহাকাশচারীদের উৎসাহ দিন।”
অন্যদিকে, বিজেপি সাংসদ দিলীপ সাইকি বিরোধীদের সমালোচনা করে বলেন, “১৪০ কোটি মানুষের গর্বের মুহূর্ত নিয়ে আলোচনা করার সুযোগ এসেছিল, কিন্তু আপনারা তাতেও বাধা দিলেন।”
তবে, কংগ্রেস সাংসদ শশী থারুর বিরোধীদের অনুপস্থিতিতেই এই অভিযানের প্রশংসা করে তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “কমান্ডার শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক অভিযানে আমরা সবাই গর্বিত। তার যাত্রা আমাদের গগনযান মানব মহাকাশ কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ। এই মিশন ভারতের মহাকাশ কূটনীতিকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যৎ যৌথ গবেষণার পথ খুলে দিয়েছে।”
প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা নাসার Axiom-4 মহাকাশ মিশনের অংশ হিসেবে গত ২৫শে জুন কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন এবং ১৫ই জুলাই পৃথিবীতে ফিরে এসেছেন। তিনি ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখলেন।