সাগরদিঘিতে ভয়াবহ ঘটনা, পুড়ে চাই NBSTC বাস! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কাছে জাতীয় সড়কে সোমবার সকালে একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রানঘাট ডিপো থেকে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC) বাসটিতে আগুন লাগার পর আতঙ্কিত যাত্রীরা দ্রুত নেমে আসতে সক্ষম হওয়ায় বড়সড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় ৩০ জন যাত্রী নিয়ে বাসটি রানাঘাট থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। মোড়গ্রামের কাছে জাতীয় সড়ক ১২-তে পৌঁছালে হঠাৎই বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে এবং দ্রুত আগুন ধরে যায়। চালকের তৎপরতায় বাসটি থামানো হলে যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়েন।
বাসকর্মীরা ছোট অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন, কিন্তু ততক্ষণে পুরো বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে তদন্তকারীরা আগুন লাগার অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। যাত্রীরা জানিয়েছেন, দ্রুত বাস থেকে নেমে আসতে পারায় তারা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন।