খড়গপুরে শিক্ষকের রহস্যমৃত্যু! শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে খুন, গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য ভেদ করল পুলিশ। গত ১৩ আগস্ট খড়গপুর-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তরুণ সিংয়ের কাকা বিশ্বনাথ সিং-কে তাঁর নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে তাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ বিশ্বনাথ সিংয়ের স্ত্রী এবং তার প্রেমিকের দিকে সন্দেহের তীর তোলে। বিশ্বনাথ সিংয়ের বোন ঝর্ণা সিং জানান, তাঁর বৌদির সঙ্গে এলাকারই এক যুবকের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল। তাঁরা বিশ্বনাথকে রাস্তা থেকে সরাতে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছিল। তাদের দাবি, তারা নিয়মিতভাবে বিশ্বনাথকে ঘুমের ওষুধ খাওয়াতো। অবশেষে, ১৩ আগস্ট রাতে ঘুমের ওষুধ খাইয়ে তার প্রেমিককে সঙ্গে নিয়ে মুখে বালিশ চাপা দিয়ে এবং গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়।

এই ঘটনায় পুলিশ বিশ্বনাথের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাও এই ঘটনায় হতবাক। মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে।