বাঁধানো নেই পুকুর পাড়, তাতেই বিপত্তি! অকালে মৃত্যু নাবালকের, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

রবিবার দুপুর থেকে নিখোঁজ হওয়া এক বালকের দেহ সোমবার ভোররাতে একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে বারাসাত হৃদয়পুরের শিবতলা এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন।
জানা গেছে, বারাসাত ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাস নগর মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা ওই বালক রবিবার বেলা ১১টা নাগাদ পুকুরের আশেপাশে খেলা করছিল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার নিখোঁজ হওয়ার অভিযোগ জানালে বারাসাত থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে পুকুরের পাশ দিয়ে বালকটিকে ঘোরাফেরা করতে দেখা যায় এবং পুকুর থেকে তার জুতোও উদ্ধার হয়।
সারারাত খোঁজাখুঁজির পর সোমবার ভোরে বালকটির দেহ পুকুরে ভেসে ওঠে। স্থানীয়রা দেহ উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। দেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষোভের কারণ
এই ঘটনার পর স্থানীয়রা ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুক্লা ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুকুরটি সংস্কার করার জন্য অনুরোধ করা সত্ত্বেও কাউন্সিলর কোনো পদক্ষেপ নেননি। এলাকাবাসীর দাবি, যদি পুকুরের পাড় বাঁধিয়ে সংস্কার করা হতো, তাহলে এই অকাল মৃত্যু হয়তো ঘটত না।
এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাপা উত্তেজনাও সৃষ্টি হয়েছে।