মাথার গুরুতর চোট, রক্ত ছড়িয়ে চারদিকে! মর্মান্তিক মৃত্যু ‘মিস রাশিয়া ২০১৭’-এর ফার্স্ট রানার আপের্

মাত্র ৩০ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রাশিয়ার বিখ্যাত মডেল এবং ‘মিস রাশিয়া ২০১৭’-এর ফার্স্ট রানার আপ কেসেনিয়া আলেকজান্দ্রোভা। গত ৫ জুলাই এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বেশ কয়েক দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে গত ১২ আগস্ট তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আলেকজান্দ্রোভার মডেলিং এজেন্সি, মোডাস ভিভেন্ডিস, তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
দুর্ঘটনার বিবরণ
রুশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন আলেকজান্দ্রোভা তার স্বামী ইলিয়ার সঙ্গে গাড়ি চালিয়ে রজেভ থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎই রাস্তার মাঝে একটি বিশালাকার হরিণ (এলক) চলে আসে। গাড়িটি এলকটিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। দুর্ঘটনায় ইলিয়া আঘাত না পেলেও, সামনের আসনে বসা কেসেনিয়ার মাথায় মারাত্মক আঘাত লাগে।
তার স্বামী ইলিয়া জানান, “সবকিছু এক মুহূর্তের মধ্যে ঘটে গেল। কেসেনিয়া জ্ঞান হারায় এবং তার মাথা থেকে প্রচুর রক্ত ঝরছিল। তার মাথার খুলির সামনের অংশ ভেঙে গিয়েছিল।” দুর্ঘটনাস্থলে দ্রুত জরুরি পরিষেবা পৌঁছায় এবং তাকে মস্কোর স্ক্লিফোসভস্কি ইনস্টিটিউট ফর ইমারজেন্সি মেডিসিনে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মডেলিংয়ের বাইরেও অন্য পরিচয়
মডেলিংয়ের পাশাপাশি কেসেনিয়া একজন থেরাপিস্টও ছিলেন এবং মানসিক সুস্থতা নিয়ে কাজ করতেন। তিনি ইনস্টাগ্রামে নিয়মিত মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক পোস্ট করতেন। ২০১৭ সালে তিনি ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। একই বছর তিনি ‘মিস রাশিয়া’ প্রতিযোগিতায় প্রথম রানার আপও হয়েছিলেন। মাত্র চার মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, বন্ধু এবং মডেলিং জগতে শোকের ছায়া নেমে এসেছে।