দেখি কে আটকায় “বাধা এলে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে”- তৃণমূলকে চ্যালেঞ্জ শমীক ভট্টাচার্যের

পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে। এর জবাবে এবার মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, এসআইআর সারা দেশেই হবে এবং কেউ বাধা দিলে সেই বাধা গুঁড়িয়ে দেওয়া হবে।

বিজেপির কড়া অবস্থান:
এসআইআর প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “এটা সারা দেশে হবে। এটাই প্রক্রিয়া। এর মধ্যে কেউ যদি মৃত্যু ঘণ্টা শুনতে পায়, তাহলে আমাদের কিছু করার নেই। বাধা আসলে সেই বাধা গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে।” তিনি রাহুল গান্ধীর ‘ভোট চুরি’র অভিযোগেরও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারা গুরুত্ব দেন না। বাংলার মানুষ অচেতন নয়। মানুষ সব জবাব দেবে।”

শমীক ভট্টাচার্য আরও বলেন, “আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই। কেন্দ্রের সরকার ভারত সরকার। তৃণমূলের কথা পরিষ্কার, তারা বাংলাদেশি এবং মৃত ভোটারদের ভোটার তালিকায় রাখতে চায়। আমরা নির্বাচন কমিশনের নেতৃত্বে সঠিক ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে নির্বাচন করব।”

কমিশনের বক্তব্য:
বিহারের ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্কের মধ্যে রবিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলেছিলেন। সেখানে তিনি জানান, বাংলায় কবে থেকে এসআইআর শুরু হবে, তা তারা তিনজন নির্বাচন কমিশনার মিলে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেবেন এবং সময়মতো সেই ঘোষণা করা হবে।

প্রধানমন্ত্রীর বঙ্গসফর ও রাজ্যের বিরোধিতা:
শমীক ভট্টাচার্য জানান, আগামী ২২শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের কথা রয়েছে। তিনি যশোর রোডে মেট্রো রেলের ফ্ল্যাগ অফ করবেন এবং দমদমে পরিবর্তন সংকল্প যাত্রায় যোগ দেবেন। শমীক বলেন, “রাজ্য সরকারের জমি না দেওয়ার কারণে এ রাজ্যে ৪৩টি রেল প্রকল্প আটকে আছে। চিংড়িঘাটার জমি জটের কারণে সেক্টর ৫ থেকে কলকাতার সংযোগ বন্ধ হয়ে আছে। বাংলার মানুষের প্রতি মোদীর যে প্রতিশ্রুতি, তা তিনি পূরণ করছেন। কিন্তু রাজ্য সরকারের কেন্দ্রীয় বিরোধিতার কারণে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন যে রাজ্য সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করছে এবং জমি জটের কারণে রেল, সড়ক ও সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে।