১০ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার জন্য রাজ্যকে দুষলেন সাংসদ রাজু বিস্তা

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা শনিবার ধস কবলিত ১০ নম্বর জাতীয় সড়ক পরিদর্শনে গিয়ে সড়কের বেহাল দশার জন্য রাজ্যের পূর্ত দফতরকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, সড়কটি রাজ্যের হাতে থাকাকালীন রক্ষণাবেক্ষণের জন্য যে কাজগুলো করা উচিত ছিল, তা করা হয়নি, যার ফলে এখন এই সড়ক তার অস্তিত্ব হারাতে বসেছে।
সম্প্রতি, লাগাতার ধসের কারণে শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত এই লাইফ লাইন সড়কটি বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে নিত্যযাত্রী এবং পর্যটকরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতির মোকাবিলায় রাজু বিস্তা ঘটনাস্থলে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএইচআইডিসিএল), এনএইচপিসি এবং সেভক-রংপো রেল প্রকল্পের ঠিকাদার সংস্থা ইরকনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
একযোগে কাজ করার পরামর্শ:
সাংসদ রাজু বিস্তা ওই তিন কেন্দ্রীয় সংস্থাকে একসঙ্গে কাজ করার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “এই সড়কের সঙ্গে একই জায়গায় এনএইচপিসি, ইরকন ও এনএইচআইডিসিএলের কাজ চলছে। আমি বলেছি যতক্ষণ না এই সংস্থাগুলো একত্রে আলোচনা করে কাজ করবে, ততদিন এই সমস্যার সমাধান হবে না।” তিনি আরও জানান, দ্রুত ধস সরিয়ে প্রাথমিকভাবে যান চলাচল স্বাভাবিক করার কথাও বলেছেন তিনি।
উল্লেখ্য, ১০ নম্বর জাতীয় সড়কের বাংলা অংশের দেখভালের দায়িত্ব আগে রাজ্যের পূর্ত দফতরের হাতে ছিল। ২০২৩ সালে সিকিমে হড়পা বানের পর সড়কটির পরিস্থিতি আরও খারাপ হয়। তখন রাজু বিস্তা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেন যেন সড়কটির দায়িত্ব কেন্দ্র নিজের হাতে নেয়।
গত সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকার সড়কটির দায়িত্ব এনএইচআইডিসিএল-এর হাতে তুলে দেয়। তবে দায়িত্ব হস্তান্তরের পরেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়ছিল। রাজু বিস্তা বলেন, নদী পেরিয়ে সেতু তৈরি করে নতুনভাবে সড়কটি নির্মাণ করা প্রয়োজন, যাতে এই সমস্যার স্থায়ী সমাধান করা যায়।