এক আমেরিকান কিশোরের কণ্ঠে ‘জন গণ মন’- জাতীয় সঙ্গীত গেয়ে চমকে দিলেন

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই, একজন ১৭ বছর বয়সী আমেরিকান কিশোরের ‘জন গণ মন’ পরিবেশনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গ্যাব মেরিট নামের এই কিশোর গভীর আবেগ এবং শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতের জাতীয় সঙ্গীতটি গেয়েছেন, যা ভারতবাসীকে গর্বিত করেছে।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিশা পন্সুরিয়া, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ভিডিওটির ওপরে লিখেছেন, “যখন একজন ১৭ বছর বয়সী আমেরিকান ভারতের জাতীয় সঙ্গীত গায়, তখন গর্ব হয়।”
দিশা তার পোস্টে জানান যে, গ্যাব পৃথিবীর বহু দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ করেছেন, তবে ভারতের জাতীয় সঙ্গীত তার সবচেয়ে প্রিয়। তিনি ক্যাপশনে লিখেছেন, “ওহ মাই গড! আমার হৃদয়টা হাসল। সে সত্যিই অসাধারণ। ও প্রায় প্রতিটি দেশের জাতীয় সঙ্গীত জানে, কিন্তু ভারতেরটা তার প্রিয়! আমি প্রার্থনা করি যেন তার প্রতিভা অনেক দূর পর্যন্ত পৌঁছাক।”
ভিডিওটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত ৬০,০০০-এরও বেশি বার দেখা হয়েছে এবং শত শত মন্তব্য এসেছে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এই কিশোরের আবেগপূর্ণ পরিবেশনার জন্য তার ভূয়সী প্রশংসা করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “এই মুহূর্তটি সত্যিই গর্বের।” আরেকজন মন্তব্য করেছেন, “দারুণ ভাই। আমার এবং ভারতের পক্ষ থেকে অনেক ভালোবাসা। আমি তোমাকে ভারত সফরের আমন্ত্রণ জানাই।” অন্য একজন লিখেছেন, “আজকের দিনে দেখা সেরা জিনিস এটি।”
উল্লেখ্য, নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১১ সালে ‘ভারতো ভাগ্য বিধাতা’ শিরোনামে এই গানটি লিখেছিলেন, যার প্রথম স্তবকটি ১৯৫০ সালের ২৪ জানুয়ারি ভারতীয় সংবিধান সভা কর্তৃক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রতিনিধিদল এই গানের রেকর্ডিং উপস্থাপন করেছিল।