বাংলা সিনেমার মুকুটে নতুন পালক, নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ‘দেবী চৌধুরানী’র টিজার!

ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী দেবী চৌধুরানীর মহাকাব্যিক কাহিনি এবার আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে। স্বাধীনতা দিবসের এক ঐতিহাসিক মুহূর্তে, নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে প্রদর্শিত হলো পরিচালক শুভ্রজিৎ মিত্রের আসন্ন সিনেমা ‘দেবী চৌধুরানী’-র টিজার। এই ঘটনা ভারতীয় বাংলা সিনেমার জন্য এক গর্বের বিষয়। টিজারটি টাইমস স্কোয়ারের বিলবোর্ডে ভেসে উঠতেই উচ্ছ্বসিত হয়েছেন সিনেমার কলাকুশলীরা।

ছবিতে ‘দেবী চৌধুরানী’র চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এবং ভবানী পাঠকের চরিত্রে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, ভরত কল, কিঞ্জল নন্দের মতো তারকারা। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো অভিনয় জগতে পা রাখছেন সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য। ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ঘটনাকে “গর্বের বিষয়” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “স্বাধীনতা দিবসে, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি ‘দেবী চৌধুরানী’ সিনেমার টিজার আইকনিক টাইমস স্কোয়ারে দেখানো হয়েছে। একজন বাঙালি হিসেবে এটা সত্যিই আনন্দের।”

সিনেমাটির প্রধান অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, “এটা খুবই আনন্দের খবর। টাইমস স্কোয়ারের বিলবোর্ডে এই সিনেমার টিজার প্রদর্শন বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।” তিনি জানান, আসছে দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কিছুদিন আগে নৈহাটির বড়মার মন্দিরে পূজা দিয়ে এই সিনেমার প্রচার শুরু করা হয়েছিল। প্রথমে মে মাসে মুক্তির কথা থাকলেও, এখন দুর্গাপূজা উপলক্ষে দেবীপক্ষে ছবিটি মুক্তি পাবে। এই কারণেই ছবির ট্যাগলাইন রাখা হয়েছে “দেবীপক্ষে দেবীর আগমন।”