বিশেষ: ৬০ এর পরেও যদি আরো ৩০ বছর বাঁচেন, ঠিক কত টাকা জমালে হবেন নিশ্চিন্ত? রইল হিসেব

আজকাল ২০-৩০ বছর বয়স থেকেই অনেকেই অবসর জীবনের জন্য আর্থিক পরিকল্পনা শুরু করেন, যা নিঃসন্দেহে একটি বুদ্ধিমানের কাজ। কারণ, বর্তমান সময়ে বেশিরভাগ মানুষেরই পেনশন ব্যবস্থা নেই। আবার অনেকেই ৪০ বছর পেরিয়ে এসে চিন্তা করেন, ৬০ বছর বয়সে কাজ ছেড়ে দিলে কীভাবে জীবন কাটাবেন? বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে বছরে প্রায় ৬-৭% মুদ্রাস্ফীতি হয়, সেখানে একটি সাধারণ জীবনযাত্রা বজায় রাখতেও আগে থেকে সঞ্চয় করা জরুরি। এই বিষয়েই কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা দেওয়া হলো।

২০-৩০ বছর বয়স: পরিকল্পনা শুরু করার সঠিক সময় এই বয়সে বেশিরভাগ মানুষ কর্মজীবন শুরু করেন। মাসিক আয় ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে থাকলে আগামী বছরগুলোতে বছরে প্রায় ১০% হারে আয় বাড়ার সম্ভাবনা থাকে। এই সময়ে সবচেয়ে বড় সুবিধা হলো সময়। যত আগে বিনিয়োগ শুরু করবেন, চক্রবৃদ্ধি হারে টাকা তত দ্রুত বাড়বে। ৬০ বছর বয়সে মাসিক ৫০-৬০ হাজার টাকার সমতুল্য আয় পেতে হলে, বর্তমান আয়ের ২০-২৫% অর্থাৎ প্রতি মাসে ৫-৮ হাজার টাকা মিউচুয়াল ফান্ড, পিপিএফ বা ইপিএফ-এর মতো খাতে বিনিয়োগ করা উচিত। এতে অবসর জীবনে ২.৫ থেকে ৩ কোটি টাকার ফান্ড তৈরি করা সম্ভব হবে।

৪০-৫০ বছর বয়স: সঞ্চয়ের হার বাড়ানোর সময় এই বয়সে আয় কিছুটা বাড়ে। তবে এই সময়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ সংসার খরচও বাড়ে। এই বয়সে মাসিক আয় ৪৫-৫৫ হাজার টাকার মধ্যে থাকলে অবসর জীবনে মাসিক ৩০-৩৫ হাজার টাকার সমতুল্য ব্যয় হবে। এই লক্ষ্য পূরণের জন্য ১.৫ থেকে ২ কোটি টাকার ফান্ড প্রয়োজন। তাই মাসিক আয়ের ৩০-৩৫% অর্থাৎ ১৫-১৮ হাজার টাকা সঞ্চয় করা উচিত। এই বয়সে বাজে খরচ কমানোর চেষ্টা করা এবং স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, কারণ চিকিৎসা খরচ বাড়তে পারে।

৫০ বছর বা তার বেশি: সীমিত সময়ে সর্বোচ্চ সঞ্চয় এই বয়সে মাসিক আয় সাধারণত ৫৫ হাজার টাকা বা তার বেশি হয়। তবে হাতে সময় খুবই কম, তাই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। অবসর জীবনে মাসিক ৪০ হাজার টাকার সমতুল্য ব্যয় মেটাতে অন্তত ১-১.২ কোটি টাকার ফান্ড প্রয়োজন। যেহেতু হাতে ১০ বছরেরও কম সময় আছে, তাই মাসিক আয়ের ৪০-৫০% অর্থাৎ ২৫-৩০ হাজার টাকা পিএফ, ফিক্সড ডিপোজিট এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো নিরাপদ খাতে বিনিয়োগ করা উচিত।

সঞ্চয়ের মূল নিয়ম: বয়স যত কম, সঞ্চয়ের হার তত কম হলেও চলে। তবে একটি সাধারণ নিয়ম হলো:

  • ২০-৩০ বছর: মাসিক আয়ের ২০-২৫% সঞ্চয়।
  • ৪০-৫০ বছর: মাসিক আয়ের ৩০-৩৫% সঞ্চয়।
  • ৫০-এর পর: মাসিক আয়ের ৪০-৫০% সঞ্চয়।

মনে রাখতে হবে, আজকের ২০ হাজার টাকা ৩০ বছর পর ৬০ হাজার টাকার সমান হয়ে যাবে। তাই অবসর জীবনের পরিকল্পনাকে হালকাভাবে নেবেন না। বিলাসবহুল জীবনযাপনের আগে সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে অবসর জীবন নিশ্চিতভাবে আনন্দ ও স্বস্তিতে কাটবে।