অসহায় ভ্যানচালককে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, জেলায় ফের ভুয়ো বাংলাদেশি ভোটারের হদিশ!

নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার রামনগর এলাকার ২১০ নম্বর বুথে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ভোটার তালিকায় নাম তোলার জন্য এক অসহায় ভ্যানচালককে বাবা সাজানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

ভোটার তালিকায় ৩২৮ নম্বর সিরিয়ালে সনজিত ঘোষ নামে যে নামটি রয়েছে, তার বাবার নাম গোপেশ্বর ঘোষ। প্রাথমিক তদন্তে জানা যায়, সনজিত ঘোষ আসলে গোপেশ্বর ঘোষের সন্তান নন। তদন্তকারী দল গোপেশ্বর ঘোষের বাড়িতে গিয়ে তার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারে, তারা সনজিত নামে কাউকে চেনেন না এবং গোপেশ্বর বাবুরও এই নামে কোনো সন্তান নেই।

একজন দিন আনা দিন খাওয়া ভ্যানচালক গোপেশ্বর ঘোষ। এই বৃদ্ধ বয়সেও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছেন। তাকে জিজ্ঞাসা করলে তিনি স্পষ্ট জানান, সনজিত ঘোষ নামে তার কোনো সন্তান নেই এবং তিনি তাকে কখনো দেখেননি।

অন্যদিকে, সনজিত ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেই স্বীকার করেন যে বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসার পর ভোটার তালিকায় নাম তুলতে পারছিলেন না। তাই তিনি গোপেশ্বর ঘোষের কাছে অনুরোধ করে তার নথি নিয়ে ভোটার তালিকায় নিজের নাম তোলেন।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে যে, হতদরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে তাদের নথি ব্যবহার করে কি এই ধরনের অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলছে? বিরোধীরা এই ঘটনার জন্য শাসকদলকে দায়ী করেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শাসকদলের নেতারাই এই কাজ করছেন। সিপিএমও তৃণমূল ও বিজেপি উভয়কেই একযোগে আক্রমণ করেছে। তবে তৃণমূল এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।