সুখবর দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য! নিম্নচাপ নিয়ে আসছে স্বস্তি, জেনেনিন কদিন চলবে বৃষ্টি?

পুজোর কেনাকাটার মরসুমে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর। আগামী সপ্তাহে বেশ কয়েক দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি এখন পশ্চিম দিকে সরে গেছে, যার ফলে পশ্চিমবঙ্গের ওপর তার সরাসরি প্রভাব আর পড়ছে না। তবে একটি মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে, যা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আসছে এবং বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। যদিও আগের চেয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সবচেয়ে বড় পরিবর্তন আসছে রবিবার থেকে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও সতর্কতা থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও কমতে পারে। ওই দিন হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি।