অপেক্ষা শেষ হচ্ছে মায়ের, অবশেষে ভারতে ফিরছেন শুভাংশু শুক্লা! বিমানে বসে করলেন ছবি পোস্ট

এক ঐতিহাসিক মহাকাশ মিশন শেষে অবশেষে ভারতের মাটিতে ফিরছেন মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। অ্যাক্সিওম-৪ মিশনের অধীনে আন্তর্জাতিক স্পেস স্টেশন (ISS) থেকে ফিরে দীর্ঘ পুনর্বাসন পর্ব কাটিয়ে তিনি আগামীকাল ভারতে পৌঁছাতে পারেন। দেশে ফিরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শুভাংশু শুক্লা নিজের অনুভূতি প্রকাশ করে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “ভারতে ফেরার জন্য এবং সকলের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।”

পোস্টে তিনি তার মিশ্র অনুভূতির কথা জানান। তিনি লেখেন, “মিশনের জন্য গত এক বছর ধরে যারা আমার সঙ্গে ছিলেন, যারা আমার পরিবার, বন্ধু হয়ে উঠেছিলেন, তাদের ছেড়ে আসতে আমার কষ্ট হচ্ছে। আবার আমার বন্ধু, পরিবার ও দেশের সকলের সঙ্গে দেখা করতেও আমি উৎসাহিত। এটাই হয়তো জীবন। বিদায় জানানোটা কঠিন, কিন্তু আমাদের জীবনে এগিয়ে যেতে হবে।” লেখার শেষে তিনি শাহরুখ খানের জনপ্রিয় গান ‘ইউ হি চালা চল রাহি, জীবন গাড়ি হ্যায় সময় পাহিয়া’র দুটি লাইনও জুড়ে দেন।

গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে ১৮ দিন মহাকাশে কাটিয়েছেন এবং গত মাসে পৃথিবীতে ফিরে এসেছেন। মহাকাশের মাধ্যাকর্ষণহীন পরিবেশ থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তিনি এত দিন পুনর্বাসনে ছিলেন।

জানা গেছে, আগামীকাল ভারতে পৌঁছানোর পর সোমবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। এছাড়া, আগামী ২৩ আগস্ট জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন।