ছিল প্যান, আধার…! ২২ বছর পর হাওড়া থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

হাওড়া স্টেশন থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মিজান মিঞা নামে ওই ব্যক্তি গত ২২ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল এবং তার কাছে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের মতো ভারতীয় পরিচয়পত্রও ছিল।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে স্বাধীনতা দিবসের দিন মিজানকে হাওড়া স্টেশনের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গোলাবাড়ি থানার পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে প্রায় ২২ বছর আগে চোরাপথে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। পুলিশ জানিয়েছে, মিজান একজন ভারতীয় মহিলাকে বিয়ে করে এবং তাদের একটি সন্তানও আছে।

জানা গেছে, মিজান গত এক বছর ধরে চেন্নাইয়ে শ্রমিকের কাজ করছিল। সম্প্রতি সে ত্রিপুরায় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির নীতির সমালোচনা করার পর ত্রিপুরার স্থানীয় বিজেপি নেতারা তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে এবং তার ছবি পোস্ট করে। এর ফলে মিজান ত্রিপুরা ছেড়ে পালাতে বাধ্য হয় এবং কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার চেষ্টা করছিল।

শুক্রবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছালে কয়েকজন বিজেপি কর্মী তাকে ঘিরে ধরে এবং পুলিশকে খবর দেয়। এরপরই গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। মিজানের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। বিজেপি সম্পাদক উমেশ রায় এই ঘটনা প্রসঙ্গে বলেন, “বাংলাদেশিরা এভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে এবং নকল পরিচয়পত্র তৈরি করছে। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।”