বাড়ির ভেতর চলছিল দক্ষযজ্ঞ…! তদন্ত করে যা মিলল? ভূপতিনগর পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ১

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পুলিশ স্বাধীনতা দিবসের রাতে বড়সড় সাফল্য পেয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে এক দশকর্মা ভান্ডার থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা জেলার আইনশৃঙ্খলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ধৃত ব্যক্তির নাম সুবীর মাইতি। তার বাড়ি ভূপতিনগর থানার কমলনয়ন বাড় গ্রামে। পুলিশের দাবি, সুবীর দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ বোমা ও বিস্ফোরক তৈরির সঙ্গে জড়িত ছিল। শুক্রবার রাতে ইটাবেড়িয়া বাজার এলাকায় তার দোকান ‘দশকর্মা’তে হানা দেয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই দোকানে বিপুল পরিমাণ বারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম মজুত ছিল। তল্লাশির সময় পুলিশ ঘটনাস্থল থেকেই সুবীরকে হাতেনাতে গ্রেফতার করে। পুলিশের অনুমান, এই বিস্ফোরক অন্য কোথাও পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল, কিন্তু পুলিশের দ্রুত পদক্ষেপে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

জানা গেছে, গত দশ দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অবৈধ বাজি ও বিস্ফোরকের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে। এই অভিযান তারই একটি অংশ। পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধৃত সুবীর মাইতিকে শনিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। পাশাপাশি, এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও শুরু হয়েছে।