মহারাষ্ট্রে মর্মান্তিক ঘটনা! কান কাটার শিকার পরিযায়ী শ্রমিক, পাশে থাকার প্রতিশ্রুতি অনুব্রত’র

মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে দুই কান কেটে নেওয়ার শিকার হয়েছেন এক পরিযায়ী শ্রমিক। এই মর্মান্তিক ঘটনার শিকার ওই শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন।

শুক্রবার, ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে নলহাটির এলআইসি ভবনে বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংয়ের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সেখানেই তিনি মহারাষ্ট্রে নির্যাতনের শিকার হওয়া পরিযায়ী শ্রমিক রাহুল সিংকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করেন।

নলহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজাপুকুর পাড়ার বাসিন্দা রাহুল। তিনি অভিযোগ করেন, মুম্বইয়ে কাজ করার সময় পাওনা ২০ হাজার টাকা চাইলে ঠিকাদার তা দিতে অস্বীকার করে। এ নিয়ে থানায় অভিযোগ জানালে ঠিকাদারের লোকজন তার দুই কান কেটে দেয়। কোনওরকমে সেখান থেকে পালিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন রাহুল। চিকিৎসার পর তিনি নিজের বাড়িতে ফিরে আসেন এবং রক্তদান শিবিরে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন। সেখানেই অনুব্রত তাকে সাহায্যের আশ্বাস দেন।

রাজ্যের শাসক দল তৃণমূল বারবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ করে আসছে। রাহুলের ঘটনার তীব্র নিন্দা করে অনুব্রত মণ্ডল বলেন, “আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে সবসময় আছি। এ ধরনের অন্যায় আমরা হতে দেব না। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন।”