ভারী বৃষ্টিপাতে মুম্বইয়ে ভূমিধস! পাতালে প্রবেশ করল বাড়ি, বিপর্যস্ত জনজীবন, মৃত ২

মুম্বইয়ে গত রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে জনজীবন বিপর্যস্ত। শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে, যার মধ্যে গান্ধী নগর এবং কিংস সার্কেল অন্যতম। এই ভারী বৃষ্টিপাতের মধ্যে ভিক্রোলি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, যাতে দুজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।

শনিবার সকালে জনকল্যাণ সোসাইটিতে একটি বাড়ির ভিতরে চারজনের একটি পরিবার থাকাকালীন এই ভূমিধসের ঘটনা ঘটে। নিহত দুজনের নাম শালু মিশ্র এবং সুরেশচন্দ্র মিশ্র। আহত আরতি মিশ্র এবং ঋতুরাজ মিশ্রকে রাজাওয়াড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে এবং আশেপাশের বাড়িগুলোকেও খালি করে দেওয়া হয়েছে।

অতি বৃষ্টির কারণে রাস্তাঘাট এবং রেলওয়ে স্টেশন ট্র্যাকগুলো সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। মুম্বই পুলিশ এক্সে (Twitter) একটি পোস্টে শহরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পোস্টে বলা হয়েছে, “বেশ কিছু এলাকায় জল জমেছে এবং দৃশ্যমানতা কমেছে। মুম্বাইবাসীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং বাইরে বেরোনোর সময় সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।”

বৃহন্নুম্বই পৌর কর্পোরেশন (BMC) জানিয়েছে, তাদের সমস্ত দল জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। জল নিষ্কাশন ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন এবং পাম্পিং স্টেশনগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে, যাতে জল জমার কোনো সমস্যা না হয়। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে বলা হয়েছে এবং একটি হেল্পলাইন নম্বরও (1916) জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) আজ মুম্বই এবং রায়গড়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য ‘লাল’ সতর্কতা জারি করেছে।