পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু, শোকের ছায়া হাড়োয়াতে

স্বাধীনতা দিবসের সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মল্লিকপুরে। মৃতের নাম মনোয়ার হোসেন, তার বয়স প্রায় ৬২ বছর। তিনি মল্লিকপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্কুলের জাতীয় পতাকা উত্তোলন করছিলেন মনোয়ার। যে লোহার পাইপে পতাকাটি বাঁধা ছিল, তার মাথার অংশটি অসাবধানতাবশত স্কুলের উপর দিয়ে যাওয়া হাই-টেনশন তারে লেগে যায়। এর ফলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

দ্রুত তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন মাঝপথে বন্ধ হয়ে যায়। মনোয়ারের সহকর্মী, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তার আকস্মিক মৃত্যুতে শোকাহত।

হাড়োয়ার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিনকিয়া গ্রামের বাসিন্দা ছিলেন মনোয়ার। তার আকস্মিক চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। হাড়োয়া থানার পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শিক্ষকের দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।