শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, স্পেন থেকে ফিরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানোর অভিযোগে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দোল মজুমদার। গতকাল স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে ফেরার পরই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আজ তাকে আলিপুর আদালতে পেশ করা হলে পরিবারের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।

পুলিশের দাবি, প্রায় সাড়ে ৮ হাজার কিলোমিটার দূর থেকে হিন্দোল মজুমদার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাদবপুরের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে হামলার পরিকল্পনা তৈরি করেছিলেন। কোন জায়গায় বিক্ষোভ হবে এবং কীভাবে হামলা চালানো হবে, তার ‘ব্লুপ্রিন্ট’ তিনিই তৈরি করে দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত ১লা মার্চ শিক্ষামন্ত্রীর গাড়ির উপর এই হামলার ঘটনা ঘটেছিল।

তবে হিন্দোলের পরিবার পুলিশের এই দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। হিন্দোলের মা বলেন, “পুলিশের চিঠি আসার পর হিন্দোলকে বলেছিলাম পুলিশকে মেল করতে, সেগুলো ও সঙ্গে সঙ্গেই করেছিল। জীবনে কোনোদিনও ভাবিনি এমন পরিস্থিতি তৈরি হবে। আমাদের পরিবারের কেউ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়।” তিনি আরও বলেন, “ও কি এতই ক্রিমিনাল যে মাথা ঢেকে কোর্টে আনতে হবে?”

হিন্দোলের বাবা জানান, তাদের বাড়িতে কোনো সমন আসেনি এবং কেন লুকআউট নোটিশ জারি করা হলো, তা তারা বুঝতে পারছেন না। তিনি বলেন, “অভিযোগটা হাস্যকর। যাদবপুরের ছাত্ররা এত অপরিণত নয় যে বিদেশ থেকে কেউ কিছু বলল আর তারা তা করে ফেলল।”

হিন্দোল মজুমদার একজন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন। তার গ্রেফতারি নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।