আপনার খেলা পরে হবে আগে SIR-এর খেলাটা সামলান, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে (SIR) টেনে এনে তিনি বলেন, “নির্বাচন কমিশনের এসআইআর-এর খেলাটা আগে সামলান, তারপর খেলা হবে খেলা হবে করবেন।”

শুক্রবার ঘাটালে বন্যা কবলিত মনসুকা এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী কেন্দ্র এবং রাজ্যের ভূমিকার তুলনা করেন। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর অনুপ্রবেশ বিরোধী বার্তার সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেননি। এর ফলে বাংলাদেশ থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানরা রাজ্যে এসে জমি দখল করছে।”

শুভেন্দু আরও বলেন, “ভারতে সংবিধানই শেষ কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় নন। সবাইকে সংবিধান মেনে চলতে হবে। সংবিধানে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে।” তিনি ভোটার তালিকা থেকে মৃত, ডুপ্লিকেট এবং অস্তিত্বহীন নামের পাশাপাশি রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের মতো অনুপ্রবেশকারীদের নামও বাদ দেওয়ার দাবি জানান।

এদিন শুভেন্দু প্রতি বছরের বন্যার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী এবং এলাকার সাংসদ দেব দুজনের বিরুদ্ধেই তিনি আক্রমণ শানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হবে। দেবকে কটাক্ষ করে তিনি বলেন, “দুবাইতে যা করেছে, সব তথ্য আমার কাছে আছে, পরে সব বলব।”

শুভেন্দু অধিকারীর এই আক্রমণ রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তার এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।