“খুব কাছের মানুষ, মনের মানুষ”-বাংলাদেশী অভিনেতা চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ

অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় শুধু এপার বাংলাতেই নয়, ওপার বাংলাতেও দর্শকদের মন জয় করেছে। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জয়া আহসান ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে চঞ্চলের ভূয়সী প্রশংসা করেন। তাদের কথায়, চঞ্চল শুধু একজন অভিনেতা নন, বরং একজন ‘ইনস্টিটিউট’।
অনুষ্ঠানে প্রসেনজিৎ চ্যাটার্জি চঞ্চলকে ‘খুব কাছের মানুষ, মনের মানুষ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “ওর অভিনয় নিয়ে কথা বলার যোগ্যতা হয়তো আমার নেই। ওর প্রায় সব কাজ আমি দেখেছি।” প্রসেনজিৎ আরও জানান, চঞ্চলের সিনেমা ‘মনপুরা’ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং পরে ‘মনের মানুষ’ ছবিতে একসঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি হয়েছিলেন। প্রসেনজিৎ চঞ্চলের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করে বলেন, “ওর ‘পদাতিক’ ছবিতে মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় দেখে আমি এতটাই আপ্লুত হয়েছিলাম যে আমার বলতে কোনো বাধা নেই, ও যদি আমার থেকে ছোট না হতো, তাহলে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম।”
অন্যদিকে, অভিনেত্রী জয়া আহসান চঞ্চলকে একজন ‘ইনস্টিটিউট’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “কাজের প্রতি তার যে ডেডিকেশন, তা শেখার মতো।” জয়া আরও যোগ করেন যে, কিছু বছর অভিনয় করেই যারা নিজেদের বড় মনে করেন, চঞ্চল তাদের মতো নন। তিনি একজন মানুষ হিসেবেও চঞ্চলের নম্রতা থেকে অনেক কিছু শিখেছেন।
প্রসেনজিৎ এবং জয়ার কথা শুনে আপ্লুত চঞ্চল চৌধুরী বলেন, “আমার সত্যিই কিছু বলার নেই। এত বড় মাপের দুজন মানুষ আমাকে নিয়ে যা বললেন তা শুনে আমি বাকরুদ্ধ।” তিনি জানান, প্রসেনজিৎ এবং জয়ার মতো বড় অভিনেতাদের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তার কাছে সম্মানের। জয়া সম্পর্কে চঞ্চল বলেন, “ওর অভিনয় আমাকে মুগ্ধ করে। দুই বাংলায় যেভাবে ও একসঙ্গে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”