বক্সঅফিসে জোর টক্কর! প্রথম দিনের আয়ে রজনীকান্তের-‘কুলি’র জয়জয়কার, বাংলার মন জিতল ‘ধূমকেতু’, ‘ওয়ার 2’এর কী খবর?

স্বাধীনতা দিবস উপলক্ষে বক্স অফিসে তিনটি বহু প্রতীক্ষিত ছবির মধ্যে জোরদার প্রতিযোগিতা শুরু হয়েছে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’, রজনীকান্তের ‘কুলি’ এবং দেব ও শুভশ্রীর ‘ধূমকেতু’। জাতীয় স্তরে ‘কুলি’ ও ‘ওয়ার ২’-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চললেও, পশ্চিমবঙ্গে বাংলা সিনেমা ‘ধূমকেতু’ দর্শকদের মন জয় করে নিয়েছে।

প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ
কুলি: লোকেশ কনগরাজ পরিচালিত রজনীকান্তের এই ছবিটি ১৪ আগস্ট মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই ভারতে ৬৫ কোটি টাকা আয় করে এক নতুন রেকর্ড তৈরি করেছে। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালার মতে, বিশ্বব্যাপী এই ছবির আয় প্রায় ১৭০ কোটি টাকা, যা কলিউড সিনেমার জন্য একটি বড় সাফল্য। এই ছবির মুক্তি রজনীকান্তের ৫০ বছরের অভিনয় জীবনকেও উদযাপন করছে।

ওয়ার ২: অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিটি ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়ার কারণে ছবিটি কিছুটা পিছিয়ে পড়েছে। প্রথম দিনে ভারতে এর আয় প্রায় ৬০ কোটি টাকা। এর মধ্যে হিন্দি ভার্সন থেকে ২৯ কোটি এবং তেলুগু ভার্সন থেকে ২৩.২৫ কোটি টাকা এসেছে।

ধূমকেতু: দীর্ঘ ১০ বছর পর দেব ও শুভশ্রীর প্রত্যাবর্তন বাংলার দর্শকদের কাছে যেন এক নস্টালজিয়া। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি প্রথম দিনেই ২ কোটির বেশি আয় করে রেকর্ড গড়েছে। দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং হাউসফুল শো-এর কারণে সপ্তাহ শেষে এই ছবির আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ছবিতে দেব-শুভশ্রীর কেমিস্ট্রির পাশাপাশি রুদ্রনীল ঘোষের অভিনয়ও প্রশংসিত হচ্ছে।

জাতীয় সিনেমার সঙ্গে টক্করে বাংলার ‘ধূমকেতু’ যে যথেষ্ট ভালো ফল করছে, তা স্পষ্ট। এখন দেখার, এই উইকএন্ডে কোন ছবিটি শেষ হাসি হাসে।