লোকনাথ ভক্তদের জন্য বিরাট ঘোষণা! চাকলা ও কচুয়া ধামে নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ

এই বছর জন্মাষ্টমীর দিনেই পালিত হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি। এই বিশেষ দিনে ভক্তদের ভিড় সামাল দিতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি নিয়েছে প্রশাসন। চাকলা ও কচুয়া ধামে লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। তাই যানজট এড়াতে গাড়ির পথ পরিবর্তন করা হয়েছে।
যানজট নিরসনে প্রশাসনের পদক্ষেপ
মধ্যমগ্রাম চৌমাথায় জেলা পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে একটি বৈঠক করা হয়, যেখানে ভক্তদের যাত্রা সহজ করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়। যশোর রোড এবং টাকি রোডের মতো প্রধান সড়কগুলোতে যানজট এড়াতে ডিএসপি ট্র্যাফিক নিহাররঞ্জন রায় জানিয়েছেন, জেলা শাসকের নির্দেশ মেনে কয়েকটি অংশে যান নিয়ন্ত্রণ করা হবে। ভক্তদের সুবিধার্থে আওয়ালসিদ্ধি মোড় হয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।
ভক্তদের যাত্রা ও নিরাপত্তা
ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে বাঁকে করে জল নিয়ে বহু ভক্ত চাকলা ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উত্তরবঙ্গ ও সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে, গাড়িগুলোকে ঘুরপথে পাঠানো হয়েছে। জেলা ট্র্যাফিক ও প্রশাসন এবার আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলেছে, যাতে পূণ্যার্থীদের কোনো ধরনের অসুবিধা না হয় এবং কোনো দুর্ঘটনা না ঘটে। এখন দেখার বিষয়, প্রশাসনের এই কঠোর পদক্ষেপগুলি কতটা কার্যকর হয় এবং রাস্তা কতটা যানজট মুক্ত থাকে।