অরিজিৎ সিং-এর বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ! জেনেনিন কী করেছেন ‘গেরুয়া’ গায়ক?

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের (Arijit Singh) বিরুদ্ধে শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। বোলপুরের কমলাকান্ত লাহা নামে এক ব্যক্তি এই অভিযোগ এনে শান্তিনিকেতন থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, অরিজিৎ সিং তার দেহরক্ষীদের দিয়ে তাকে শারীরিক হেনস্থা করিয়েছেন।
ঘটনাটি ঘটে গত ১৩ই অগাস্ট শান্তিনিকেতনের তালতোর এলাকায়, যখন অরিজিৎ একটি গানের শুটিং করছিলেন। অভিযোগকারী কমলাকান্ত লাহা পেশায় একজন বাদ্যযন্ত্রের যন্ত্রাংশ নির্মাতা। তিনি সেদিন বাইকে করে কোপাইয়ের দিকে তার কর্মস্থলে যাচ্ছিলেন। সেই সময়ে অরিজিতের দেহরক্ষীরা তার পথ আটকে দেন এবং শুটিংয়ের জন্য পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন।
কমলাকান্ত লাহার অভিযোগ, পাঁচ মিনিট পরেও তাকে যেতে না দেওয়ায় তিনি অনুরোধ করেছিলেন কারণ তার কাজে দেরি হচ্ছিল। কিন্তু তাকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হয়। তিনি জোর করে এগিয়ে যেতে চাইলে, দেহরক্ষীরা তাকে জোর করে তুলে সরিয়ে দেয়। এমনকি শান্তিনিকেতন থানার একটি গাড়িতেও তাকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
এই ঘটনার পর তিনি প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিতভাবে অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, ধস্তাধস্তিতে তার হাতের সোনার আংটিও হারিয়ে গেছে। কমলাকান্ত লাহা বলেন, কাজের চাপ থাকার কারণেই তিনি দ্রুত যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়, যা তাকে মর্মাহত করেছে।
এই বিষয়ে এখনও পর্যন্ত অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বীরভূমের পুলিশ সুপার বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।