“আদর করে দিয়েছি, ভাল হয়ে যাবে”-কুচকাওয়াজে অংশ নেওয়া অসুস্থ ৩৯ পড়ুয়াকে দেখতে SSKM-এ মমতা

স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে কুচকাওয়াজে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়া ৩৯ জন স্কুল পড়ুয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে তিনি এই খবর জানতে পেরে দ্রুত তার গাড়ি ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছান এবং অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।
জানা গেছে, রেড রোডে অনুষ্ঠিত কুচকাওয়াজে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য স্কুল পড়ুয়া অংশ নিয়েছিল। অনুষ্ঠানের পর তাদের মধ্যে অনেকেই অসুস্থ বোধ করলে তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আসলে আবহাওয়া খুব গরম ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল। সকাল থেকে ওরা কিছুই খায়নি। এর ফলে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে পড়েছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ছোঁয়া পেয়ে পড়ুয়ারাও বেশ আবেগপ্রবণ হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী জানান, “৩৯ জনকে এখানে আনা হয়েছিল। তাদের মধ্যে ফতেমা শেখ নামে একজন খুবই অসুস্থ ছিল। আমি ওর সঙ্গে ১০ মিনিট কথা বলেছি। ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি এবং ওর ভেজা চুল খুলে দিয়েছি।” তিনি আরও বলেন যে, তিনি প্রতিটি পড়ুয়াকেই দেখতে গিয়েছেন এবং তাদের মিষ্টি খাইয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করেন, অসুস্থতার কিছুটা কারণ ‘সাইকোলজিক্যাল’ হতে পারে। “একজন বন্ধুকে অসুস্থ হতে দেখে বাকিরাও অসুস্থ বোধ করতে শুরু করে দেয়। আমি ওদের আদর করেছি এবং ছবিও তুলেছি। এখন সকলেই স্থিতিশীল আছে।”
মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপ পড়ুয়াদের মনোবল বাড়াতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।