“কেন্দ্রের কাছে পাওনা ৪,৫৬৩ কোটি”-বড় দাবি নিয়ে হাইকোর্টে গেলো রাজ্য সরকার

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্যে এখনো ১০০ দিনের কাজ (MGNREGA) শুরু হয়নি। গত ১লা অগাস্ট থেকে প্রকল্পটি চালু করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তার সময়সীমা পার হয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কেন্দ্রের কাছে বকেয়া টাকা চেয়ে আবেদন করেছে।

রাজ্যে প্রায় তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে, যেকোনো শর্তে এই প্রকল্প চালু করতে হবে এবং কোনো অনিয়ম যাতে না হয় সেদিকে কেন্দ্র ও রাজ্য উভয়কেই নজর রাখতে হবে। কিন্তু আদালতের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কেন্দ্র এখনো পর্যন্ত প্রকল্পের জন্য টাকা ছাড়েনি। ফলে রাজ্যের বঞ্চিত শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না।

বৃহস্পতিবার রাজ্য সরকার হাইকোর্টে একটি নতুন আবেদন করেছে, যেখানে তারা ২০২২ সালের মার্চ মাস থেকে পাওনা ৪,৫৬৩ কোটি টাকা দ্রুত ছাড়ার দাবি জানিয়েছে। এই নতুন আবেদনটি পুরনো মামলার সঙ্গেই সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে। রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। অন্যদিকে, কেন্দ্রের অভিযোগ, রাজ্যের পক্ষ থেকে খরচের সঠিক হিসেব এবং অ্যাকশন টোকেন রিপোর্ট জমা দেওয়া হয়নি। রাজ্য এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছিল যে, ঠিক কী ধরনের অনিয়ম হয়েছে, সে বিষয়ে তাদের জানানো হয়নি।

কেন্দ্র-রাজ্যের এই দীর্ঘ টানাপোড়েনের কারণে গত প্রায় তিন বছর ধরে রাজ্যের বহু গরিব দিনমজুর কাজ থেকে বঞ্চিত। হাইকোর্টের নির্দেশের পর একটি সমাধানের আশা দেখা দিলেও, তা এখনও বাস্তবায়িত হয়নি। এ নিয়ে রাজ্য সরকার আবারও আইনি লড়াইয়ের পথে হাঁটছে।