স্বাধীনতা দিবসে বিনামূল্যে টোটো পরিষেবা! যেখানেই যান লাগবে না টাকা, এই শহরের অভিনব উদ্যোগ

দেশের ৭৯তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে বাঁকুড়ার সোনামুখী শহর জুড়ে বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়েছে। এই অভিনব উদ্যোগটি নিয়েছে সোনামুখী আই.এন.টি.টি.ইউ.সি পৌর টোটো সার্ভিস ইউনিয়ন। স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে সোনামুখীর সকল মানুষ এই সুবিধা উপভোগ করতে পারবেন।

শহরের সর্বত্র বিনামূল্যে যাতায়াত
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারাদিন মোট ২০০টি টোটো এই পরিষেবা দেবে। স্টেশন থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা বা শহরের অন্য যেকোনো প্রান্তে যাতায়াতকারী যাত্রীরা এই সুযোগ পাবেন। এই উদ্যোগের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

সোনামুখী পৌরসভার পৌরপিতা সন্তোষ মুখার্জী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, “সোনামুখী পৌরসভার পক্ষ থেকে ওঁদের এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাঁদের এই মহতী কাজ সোনামুখীর মানুষের কাছে একটি বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এই ধরনের উদ্যোগ শুধু সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা দেয় না, বরং জাতীয় উৎসবের দিনটিতে একতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেও সাহায্য করে।