২০২৫ এই আসছে ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ, কংগ্রেসের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ মোদীর

৭৯তম স্বাধীনতা দিবসের দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ভারতকে আত্মনির্ভরশীল করার ওপর জোর দিয়েছেন। বিশেষত, সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে কথা বলতে গিয়ে তিনি নাম না করে আগের সরকারগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, “আমি কোনো সরকারের সমালোচনা করছি না, কিন্তু আমাদের তরুণদের এটা জানা জরুরি যে সেমিকন্ডাক্টর সম্পর্কিত ফাইল এবং কারখানার ধারণা ৫০-৬০ বছর আগে শুরু হয়েছিল, যা আটকে পড়েছিল এবং বিপথে চলে গিয়েছিল।”
এ বছর মোদীর ভাষণ ১০৫ মিনিট স্থায়ী হয়, যা গত বছরের ৯৮ মিনিটের রেকর্ডকে ভেঙে দিয়েছে। ভাষণে তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, সে সময়ে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছিল, যার ফলে দেশ ৫০-৬০ বছর পিছিয়ে পড়ে। তিনি বলেন, “ভারত যখন নীরব ছিল, তখন অনেক দেশ এই খাতে দক্ষতা অর্জন করে প্রযুক্তির মাধ্যমে বিশ্ব শাসন করছে।”
প্রধানমন্ত্রী মোদী বলেন, “৫০-৬০ বছর আগে সেমিকন্ডাক্টর নিয়ে ফাইল তৈরি হয়েছিল, কারখানার ধারণাও এসেছিল। কিন্তু সেই ফাইলগুলো আটকে গেল এবং বিপথে চলে গেল। ফলে দেশ ৫০-৬০ বছর হারাল।” তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আজ আমরা সেই বোঝা থেকে মুক্ত এবং মিশন মোডে সেমিকন্ডাক্টরের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।”
প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যেই ছয়টি সেমিকন্ডাক্টর ইউনিট চালু আছে এবং নতুন চারটি ইউনিটকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি দেশবাসীকে, বিশেষ করে আমার যুবসমাজকে এবং সারা বিশ্বে যারা ভারতের প্রযুক্তির শক্তি বোঝেন, তাদের জানাতে চাই যে এই বছরের শেষ নাগাদ, ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ বাজারে আসবে।”
প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতা দিবসকে “১৪০ কোটি সংকল্পের উৎসব” হিসেবে বর্ণনা করেন এবং আত্মনির্ভরতাকে ‘বিকশিত ভারতের’ ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আত্মনির্ভরতা সরাসরি আমাদের সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। সক্ষম থাকার জন্য আমাদের আত্মনির্ভর থাকতে হবে।” এই ঘোষণা ভারতের প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।