“৭৯তম স্বাধীনতা দিবসে GST সংস্কারের ঘোষণা”-দীপাবলীতে দেশবাসীকে বড় ‘উপহার’ দেবেন মোদী

৭৯তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি দেশের জনগণের জন্য দুটি বড় উপহারের ঘোষণা করেন, যা তিনি ‘ডাবল দীপাবলি উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। এই দুটি বড় ঘোষণা হলো জিএসটি সংস্কার এবং একটি নতুন কর্মসংস্থান প্রকল্প।
প্রধানমন্ত্রী মোদী জিএসটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এখন সময় এসেছে জিএসটি হার পুনর্বিবেচনা করার।” তিনি স্পষ্ট করে জানান যে, এই সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের উপর করের বোঝা কমানো হবে, এবং এর ফলে জিনিসপত্রের দামও কমবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই ঘোষণা যদি বাস্তবায়িত হয়, তবে এটি অর্থনীতিতে গতি আনবে এবং বাজারে ক্রেতা চাহিদা বাড়াতে সাহায্য করবে।
‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’
দীপাবলির দ্বিতীয় উপহার হিসেবে প্রধানমন্ত্রী দেশের যুবসমাজের জন্য ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করার ঘোষণা করেন। এই ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের আওতায়, বেসরকারি খাতে প্রথম চাকরিপ্রাপ্ত প্রত্যেক যুবক-যুবতীকে সরকার ₹১৫,০০০ আর্থিক সহায়তা দেবে। প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো প্রায় ৩.৫ কোটি যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা। তার মতে, এই উদ্যোগ কেবল কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না, বরং বেসরকারি খাতে নিয়োগের হারও বাড়াবে।
ভাষণে প্রধানমন্ত্রী আরও একবার ‘আত্মনির্ভর ভারত’ গড়ার উপর জোর দেন। তিনি ‘মেড ইন ইন্ডিয়া’ এবং ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রকে বাস্তবে রূপ দিতে দেশের শিল্প ও বাজারকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, “স্থানীয় পণ্যের ওপর বিশ্বাস এবং সেগুলোর ব্যবহারই ভারতকে উন্নত করবে।”