স্বাধীনতা দিবসের দিন সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা, লরির সঙ্গে ধাক্কায় মৃত বাসের ১০ যাত্রী

স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় রক্তে রঞ্জিত হল পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়ক। দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ জেলার নলা ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে খবর, বেসরকারি যাত্রীবাহী বাসটি দুর্গাপুরের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
যাত্রীরা গঙ্গাস্নানে এসেছিলেন
পুলিশ সূত্রে জানা গেছে, বাসের যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। বিহারের মতিয়ার থানা এলাকার চিরাইয়া সারসওয়া ঘাট এলাকার বাসিন্দা তাঁরা। তাঁরা গঙ্গাসাগরে স্নান করতে এসেছিলেন এবং স্নান শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার সময় বাসে ৫ জন শিশু সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।