পাক সেনাপ্রধানের পরমাণু হুঁশিয়ারি, ‘ভারত-বিরোধী উস্কানি’র কড়া জবাব দিল নয়াদিল্লি

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভারত-বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা করে ভারত কড়া হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া মুনিরের এক বিতর্কিত মন্তব্যের পর নয়াদিল্লির সাউথ ব্লক থেকে বলা হয়েছে যে, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে ভারত-বিরোধী উস্কানি দিচ্ছে।
বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, “পাকিস্তানের পক্ষ থেকে আমরা বারবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি এবং ঘৃণাভাষণ দেখতে পাচ্ছি। নিজেদের ব্যর্থতা ঢেকে ভারত-বিরোধী উস্কানি ছড়ানোই তাদের বরাবরের কৌশল।”
রণধীর জয়সওয়াল পাকিস্তানের এই ধরনের বক্তব্যের পরিণাম যে ভয়াবহ হতে পারে, সেই বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগেও দেখিয়েছি, আবারও বলে রাখছি। যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে।” ওয়াকিবহাল মহলের মতে, এই হুঁশিয়ারির মাধ্যমে নয়াদিল্লি পাকিস্তানকে ‘অপারেশন সিঁদুর’-এর কথা মনে করিয়ে দিয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তার সাম্প্রতিক মার্কিন সফরে উচ্চ পর্যায়ের সেনা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের সময়ই তিনি একটি নৈশভোজের অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের ইঙ্গিত দেন। তিনি বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা শেষ হয়ে যাওয়ার পথে, তাহলে আমরা গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।” এছাড়াও, তিনি সিন্ধু চুক্তি নিয়েও বিতর্কিত মন্তব্য করে বলেন, “ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করছি। বাঁধ তৈরি হলে দশটা মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেব। ওটা ওদের পৈতৃক সম্পত্তি নয়।”
মুনিরের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের পর ভারত সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনা দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।