বিপাকে ৭৩ বছরের পুরনো তিলপাড়া ব্যারেজ, ফাটল, গার্ডওয়াল ভাঙায় বন্ধ যান চলাচল

বীরভূমের সিউড়িতে অবস্থিত প্রায় ৭৩ বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী তিলপাড়া ব্যারেজ বর্তমানে মারাত্মক ক্ষতির মুখে। ব্যারেজের সারা গায়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ৮টি গার্ডওয়াল ভেঙে পড়েছে এবং ল্যান্ডিং এরিয়ার একাংশ প্রায় তিন থেকে চার ফুট দেবে গেছে। এর ফলে ব্যারেজের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
ব্যারেজের এই বেহাল দশার মূল কারণ হিসেবে সরকারি রিপোর্টে লাগামছাড়া বালি তোলাকে দায়ী করা হয়েছে। আপার এবং ডাউন স্ট্রিমের বালিঘাটগুলি থেকে অতিরিক্ত বালি তোলার কারণে ব্রিজের নিচের অংশ সরে গিয়েছে, যার ফলে ব্যারেজের ডাউন স্ট্রিমের ওয়াটার ডিভাইডারগুলিতেও ফাটল ধরেছে। কিছু ছোট ওয়াটার ডিভাইডার সম্পূর্ণ ভেঙেও পড়েছে।
এই পরিস্থিতিতে ব্যারেজের উপর দিয়ে সব ধরনের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রথমে বড় গাড়ির চলাচল বন্ধ করা হয় এবং ফাটল বেড়ে যাওয়ার কারণে এখন ছোট গাড়িও বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে শুধু বাইক এবং পায়ে হেঁটে মানুষজন যাতায়াত করতে পারছেন।
রাজ্যের সেচ দফতরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছেন। তবে ব্যারেজের পুনর্বাসন ও সংস্কারের কাজ শুরু হলেও, বর্ষা এবং বন্যা পরিস্থিতি যতদিন থাকবে, ততদিন পুরোদমে কাজ করা সম্ভব হবে না বলে জানানো হয়েছে।
এদিকে, ব্যারেজ বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার জন্য মানুষকে এখন দীর্ঘ ঘুরপথে যেতে হচ্ছে। বিকল্প হিসেবে কেউ কেউ মল্লারপুর, সাঁইথিয়া হয়ে সিউড়ি যাচ্ছেন। আবার অনেকে ব্যারেজের এক প্রান্তে নেমে পায়ে হেঁটে অন্য প্রান্তে গিয়ে টোটো বা বাসে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। এই রুটে ট্রেনের সংখ্যাও হাতে গোনা হওয়ায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।