বালুরঘাট আদালত চত্বরে বিচারাধীন ব্যক্তির আত্মহত্যা, চাঞ্চল্য

বালুরঘাট জেলা আদালত চত্বরে এক বিচারাধীন ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম বাপি সরকার (৪০), তার বাড়ি বালুরঘাট থানার হোসেনপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন একটি বাথরুমের পেছনে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাপি সরকার তার গায়ের গেঞ্জি দিয়েই বাথরুমের ঘুলঘুলির শিকের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত ব্যক্তি ডাকাতি, মাদকবিরোধী আইন-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন এবং বর্তমানে তিনি জামিনে মুক্ত ছিলেন।
মৃতের আইনজীবী কৃষ্ণ দাস জানান, ঘটনার কিছুক্ষণ আগে বাপি সরকারকে উদভ্রান্ত অবস্থায় দেখা গিয়েছিল এবং তিনি তাকে বাড়ি চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তার আত্মহত্যার খবর আসে। আইনজীবী আরও জানান যে, এদিন বাপি সরকারের কোনো মামলার তারিখ ছিল না।
আদালত চত্বরের মতো সুরক্ষিত এলাকায় এমন একটি ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে তিনি আত্মহত্যা করলেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।