‘বিপাশার চেহারা পুরুষালি, ওঁর থেকে আমি ভাল’ কটাক্ষ ম্রুণালের, পাল্টা জবাব দিলেন বিপাশা!

অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে আবার ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ম্রুণালকে বলতে শোনা যায়, “তুমি কি এমন মেয়েকে বিয়ে করবে, যার মধ্যে পৌরুষ বেশি, যার শরীর মাংসপেশিতে সাজানো? তাহলে গিয়ে বিপাশাকে বিয়ে করো। শোনো, আমি বিপাশার চেয়ে অনেক ভালো!” ম্রুণালের এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে।

এই বিতর্কের মধ্যেই অভিনেত্রী বিপাশা বসু বুধবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট করেছেন। অনেকেই মনে করছেন, এটি ম্রুণালের মন্তব্যের বিরুদ্ধে একটি সরাসরি জবাব না হলেও তার প্রতি ইঙ্গিতপূর্ণ পাল্টা প্রতিক্রিয়া। বিপাশা তাঁর স্টোরিতে লিখেছেন, “শক্তিশালী নারীরা একে অন্যের হাত ধরে উন্নতিসাধন করে।” ক্যাপশনে তিনি আরও যোগ করেছেন, “সুন্দরী মহিলারা, পেশি গড়ো। আমাদের শক্তিশালী হওয়া উচিত। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সুগঠিত পেশি থাকা অত্যন্ত জরুরি! তাই এই পুরনো ধারণা ভেঙে দাও যে, মেয়েরা শক্তিশালী বা অ্যাথলেটিক দেখাবে না।” পোস্টের শেষে বিপাশা লিখেছেন, “নিজেকে ভালোবাসুন।” যদিও তিনি কোথাও ম্রুণালের নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের ধারণা এটি ম্রুণালের মন্তব্যেরই জবাব। এই বিষয়ে ম্রুণাল এখনও কোনো মন্তব্য করেননি।

কাজের দিক থেকে ম্রুণালকে সম্প্রতি অজয় দেবগনের সঙ্গে ‘সন অফ সর্দার ২’-এ দেখা গেছে, যদিও ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তাঁর আসন্ন ছবির মধ্যে রয়েছে ‘ডাকুইট: আ লাভ স্টোরি’ এবং বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’।

অন্যদিকে, বিপাশা বসুকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৫ সালের ছবি ‘অ্যালোন’-এ। এরপর থেকে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে পরিবার এবং মাতৃত্বে মন দিয়েছেন। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং ২০২২ সালে তাঁদের কন্যা দেবীর জন্ম হয়। ২০০০-এর দশকের অন্যতম গ্ল্যামার কুইন হিসেবে বিপাশা ‘রাজ’, ‘জিসম’, ‘নো এন্ট্রি’, ‘ধুম ২’-এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

প্রয়াত রাজনীতিবিদ অমর সিংয়ের সঙ্গে বিপাশা বসুর একটি টেলিফোন আলাপচারিতার রেকর্ডিং ২০১১ সালে প্রকাশ্যে আসে, যা সে সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই রেকর্ডিংয়ে দু’জনের মধ্যে হালকা খুনসুটি ও ইঙ্গিতপূর্ণ কথোপকথন শোনা গিয়েছিল। বিপাশাকে বলতে শোনা যায়, “বয়স কোনো ব্যাপার না।” এর উত্তরে অমর সিংয়ের মন্তব্য ছিল, “বয়স শুধু দু’পায়ের মাঝখানে ব্যাপার করে।” এই অডিওটি সামাজিক মাধ্যমের আগের যুগেও দ্রুত ছড়িয়ে পড়ে এবং বলিউড-রাজনীতির সংযোগের এক কুখ্যাত উদাহরণ হিসেবে চিহ্নিত হয়। যদিও দুজনই সেই কলের সত্যতা অস্বীকার করেছিলেন।