ইন্দোরে প্রাক্তন বিচারপতির বাড়িতে দুঃসাহসিক চুরি! সিসি ক্যামেরায় দেখা মিলল চোরের, লুট গয়না-টাকাপয়সা

ইন্দোরে প্রাক্তন বিচারপতি রমেশ গর্গের বাড়িতে রাখি বন্ধনের দিন এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, মুখোশ ও হাতে গ্লাভস পরা তিন চোর লক্ষ লক্ষ টাকার নগদ ও গয়না নিয়ে পালিয়েছে।

পেশাদার চোরের দল
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুখোশ পরা চোরেরা অত্যন্ত পেশাদারী কায়দায় এই অপরাধ সংঘটিত করেছে। অ্যালার্ম বেজে উঠলেও তারা বিচলিত হয়নি। লোহার রড হাতে তারা প্রায় ২০ মিনিট ধরে প্রাক্তন বিচারপতির বাড়ি তছনছ করে।

পুলিশ সূত্রে খবর, চোরেরা তিনজন ছিল। তাদের একজন লোহার রড নিয়ে বিচারপতির শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়েছিল, যাতে তিনি ঘুম থেকে উঠলেই তাকে মারধর করা যায়। অন্যজন মূল্যবান জিনিসপত্র জড়ো করছিল। আর তৃতীয়জন বাইরে পাহারায় ছিল।

ঘটনার তদন্তে পুলিশ
গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রমেশ গর্গ এবং তার পরিবারের সদস্যরা চুরির সময় গভীর ঘুমে ছিলেন, তাই তারা এই ঘটনার কিছুই টের পাননি। চোরেরা পালিয়ে যাওয়ার পর তারা বিষয়টি জানতে পারেন।

ইন্দোর পুলিশের সিনিয়র অফিসার উমাকান্ত চৌধুরী জানান, “ঘটনার গুরুত্ব বিবেচনা করে একাধিক তদন্তকারী দল গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্র আগে থেকেই একই ধরনের অপরাধের সঙ্গে জড়িত।” তিনি আরও বলেন, “খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে।”

পুলিশ আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় এবং তাদের ধরতে দ্রুত পদক্ষেপ করা জরুরি।