‘এসব হজম করার জন্য…’, ডুয়েটে ‘অমর সঙ্গী’ গান গেয়ে ফের ট্রোলের শিকার কাঞ্চন-শ্রীময়ী!

অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ তাঁদের সম্পর্ক, বিয়ে এবং বয়সের পার্থক্য নিয়ে প্রায়শই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার তাঁদের একসঙ্গে গান গাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ফের ট্রোলের শিকার হলেন এই তারকা দম্পতি।
সামনেই দুর্গাপুজো এবং অন্যান্য উৎসবের মরশুম শুরু হতে চলেছে। এই সময়ে প্যান্ডেল উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠানে তারকাদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাঁরা বিভিন্ন ধরনের পারফর্মেন্সও করেন। সম্প্রতি কাঞ্চন ও শ্রীময়ীর তেমনই একটি মহড়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে তাঁদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয় ছবি ‘অমর সঙ্গী’-র গান গাইতে শোনা যায়। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর থেকেই ব্যাপক ট্রোল শুরু হয়েছে।
এই ভিডিও দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই জুটি মঞ্চে চলবে না…’। আরেকজন লিখেছেন, ‘যেমন অ্যারেঞ্জমেন্ট, তেমন আর্টিস্ট।’ অন্য একজন রসিকতা করে লিখেছেন, ‘কী হাস্যকর।’ একজন নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘এই গান ও লোক শুনবে?’ আরেকজন লিখেছেন, ‘ইয়ে মানে হচ্ছে টা কী।’ একজন নেটিজেন সঙ্গীতশিল্পীদের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘মিউজিশিয়ান দাদাদের জন্য অনেক ভালোবাসা রইলো। এসব হজম করার জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘গলাটা থেকে গান বেরোচ্ছে না, পয়সা দিয়ে এসব শিল্পী কে কেন ডাকবো।’ মজার ছলে একজন লিখেছেন, ‘মাঝে আবার মিঠুন চক্রবর্তী চলে এলো কেন?’
প্রসঙ্গত, দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন মল্লিক। এরপর মার্চ মাসে তাঁদের সামাজিক বিয়ে হয়। এটি কাঞ্চনের তৃতীয় বিয়ে, এবং তাঁদের বয়সের ফারাকও উল্লেখযোগ্য। এই কারণে তাঁদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে তাঁরা কখনোই এসব ট্রোলকে পাত্তা দেননি এবং নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা থেকেছেন। বর্তমানে তাঁরা এক সন্তানের বাবা-মা।