জুতো নিয়ে হচ্ছিল প্রতিবাদ মিছিল, সুযোগ পেতেই বস্তা থেকে জুতো নিয়ে পালিয়ে গেল লোকজন!

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজস্থানের হনুমানগড়ে এক অভিনব বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। স্থানীয় বিধায়ক গণেশ রাজ বনসলের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার স্থানীয় বাসিন্দা অংশ নেন। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে জুতো হাতে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মিছিল শেষ হওয়ার পর দেখা যায়, জুতোর বস্তা খালি! অভিযোগ উঠেছে, অনেক প্রতিবাদকারীই জুতো হাতে নিয়ে মিছিলের পর সেগুলো বিক্রি করার জন্য পালিয়েছেন।
জানা গেছে, বিদ্যুৎ দফতরের কাজের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিধায়ক এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেন। গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। এই বিক্ষোভের জন্য দলের পক্ষ থেকে বস্তাভর্তি জুতো ও চটি আনা হয়েছিল, যা প্রতিবাদে অংশ নেওয়া মানুষদের মধ্যে বিতরণ করার কথা ছিল। কিন্তু অনেকে নিজেদের বাড়ি থেকে জুতো নিয়ে আসায় অতিরিক্ত জুতো পড়ে থাকে।
এই সুযোগে কয়েকজন ব্যক্তি বস্তা থেকে জুতো চুরি করে পালিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু লোক বস্তা থেকে তিন থেকে পাঁচ জোড়া জুতো তুলে নিচ্ছেন। কেউ কেউ তো পুরো বস্তাটাই নিয়ে চলে যান, সম্ভবত সেগুলি বিক্রি করার উদ্দেশ্যে।
এদিকে, মিছিলটি বিদ্যুৎ দফতরের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। বিধায়ক গণেশ রাজ বনসল সংবাদমাধ্যমকে জানান, “বিদ্যুৎ দফতরের অব্যবস্থার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি। এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের কষ্ট বিদ্যুৎ দফতর বুঝতে পারছে না। আমাদের অভিযোগের দ্রুত সমাধান করতে হবে। মানুষের সমস্যার সমাধান না হওয়ায় আমরা জুতো হাতে তুলে নিয়েছি। পরের বার এই জুতো বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মাথায় ছুড়ে মারা হবে।”
এই ঘটনা একদিকে যেমন বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে সামনে এনেছে, তেমনই প্রতিবাদ কর্মসূচিতে জুতো চুরির ঘটনাটি সামাজিক মাধ্যমে হাসির খোরাক হয়েছে।