বোঝো কাণ্ড! গাড়ি ভাড়া নিয়ে নিজের নামে করে নিল যুবক, পাচার চক্রের শিকার মালিক, তদন্তে পুলিশ

গাড়ি ভাড়া দিতে গিয়ে আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের খপ্পরে পড়লেন পানিহাটির এক দম্পতি। আশিক বিশ্বাস নামে এক ব্যক্তি তাদের গাড়ি ভাড়া নিয়ে সেটিকে নিজের নামে রেজিস্টার করে পাচার করার চেষ্টা করছিল বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

কীভাবে ঘটল ঘটনা?
পানিহাটি নাটাগড় কালিতলার বাসিন্দা সহেলি বোস তার গাড়ি আশিক বিশ্বাসকে ভাড়া দেন। চার-পাঁচ দিন কেটে যাওয়ার পরেও গাড়ির কোনো খবর না পেয়ে দম্পতি গাড়ির জিপিএস লোকেশন ট্র্যাক করেন। তাতে দেখা যায়, গাড়িটি উত্তর ২৪ পরগনার শাসন থানায় রয়েছে। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে, আশিক বিশ্বাস কৃষ্ণনগর আরটিও অফিসে গাড়িটি তার নিজের নামে করে নিয়েছে। তখনই তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার শিকার হয়েছেন।

পুলিশি তদন্ত শুরু
ঘটনার পর সহেলি বোস অভিযুক্ত আশিক বিশ্বাসের বিরুদ্ধে শাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শাসন থানা সেই অভিযোগের প্রতিলিপি ঘোলা থানায় পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর থেকে অভিযুক্ত আশিক বিশ্বাস পলাতক। শাসন ও ঘোলা থানার পুলিশ যৌথভাবে এই আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের তদন্ত শুরু করেছে। দম্পতি অভিযোগ করেছেন যে, এই চক্রের সঙ্গে কৃষ্ণনগর আরটিও অফিসের কিছু আধিকারিকও জড়িত থাকতে পারেন। এই ঘটনার জেরে যারা গাড়ি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা এখন চরম অনিশ্চয়তায় রয়েছেন।