দক্ষিণে ফের বৃষ্টির খেলা চালু? উত্তরবঙ্গেরই বা কী হাল? জেনেনিন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ আবারও ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হওয়ায় আবহাওয়া দফতর কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
বুধবার সকাল থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুরের পর থেকে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী দুই দিন ধরে এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে এর প্রভাব বেশি দেখা যাবে। মঙ্গলবার দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গবাসী, তবে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমেছিল। এই নিম্নচাপ আরও শক্তিশালী হলে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তরবঙ্গেও জারি বৃষ্টি সতর্কতা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে, তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।