SIR আতঙ্কে উত্তাল রাজনীতি, ভোটার তালিকায় নাম নেই চুঁচুড়ার ডেপুটি মেয়র ও তাঁর স্ত্রীর

সারা দেশের রাজনীতিতে এখন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে শোরগোল চলছে। এর মধ্যেই ভোটার তালিকায় নাম না থাকায় চরম অস্বস্তিতে পড়েছেন চুঁচুড়া পুরসভার ডেপুটি মেয়র অমিত আগরওয়াল এবং তাঁর স্ত্রী। এই ঘটনা ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
কমিশনের পক্ষ থেকে প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকায় দেখা গেছে, চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল (মুন্না) এবং তাঁর স্ত্রী ববিতা আগরওয়ালের নাম নেই। একই বুথে মুন্নার মা ও ভাইয়ের নাম থাকলেও, তাদের নাম বাদ পড়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ডেপুটি মেয়র অমিত আগরওয়াল বলেন, “আমি তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি এবং ২০০২ সালের আগে ও পরে সব নির্বাচনেই ভোট দিয়েছি। এখন যে ভোটার তালিকা দেওয়া হয়েছে, তাতে আমার নাম নেই। আমার কাছে জন্মের শংসাপত্র সহ সব নথি রয়েছে। কিন্তু সাধারণ মানুষ, যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কী হবে?” তিনি বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে মানুষকে হয়রান করার অভিযোগ তোলেন।
অমিত আগরওয়াল আরও বলেন, “আমি একজন পরিচিত রাজনৈতিক কর্মী এবং ডেপুটি মেয়র। আমারই যদি নাম না থাকে, তাহলে সাধারণ মানুষের কী হবে?”
অন্যদিকে, চন্দননগর বিধানসভার বিজেপি কনভেনার গোপাল চৌবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “শাসক দল তৃণমূল ভয় পেয়েছে, কারণ এসআইআর হলে তাদের ‘ভুতুড়ে ভোটার’ বাদ যাবে। ২০০২ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তাই সেই সময়ের তালিকার দায় বিজেপির নয়।” এই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে পারস্পরিক দোষারোপের পালা চলছে।